আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলী হোসেন বলেন, “আমিসহ কয়েকজন নেতাকর্মীকে ফরম নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ফরম নিয়েছি, পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নেবেন।”
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের জন্য রুমিন ফারহানার সঙ্গে অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি জোট অংশ হিসেবে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।
এ আসনে বিএনপি সমর্থনে লড়বেন জমিয়তের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি কওমি মাদরাসাভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব।




