ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর, যা চলবে টানা ১৫০ দিন। এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপ ট্রফি ঘুরে বেড়াবে ৩০টি সদস্য দেশের ৭৫টি স্পটে আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশও।
১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। সেদিন ফুটবলভক্তরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার পাশাপাশি স্মরণীয় ছবি তোলার সুযোগও পাবেন। কোকা-কোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের উদ্যোগেই ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আসছে এই ঐতিহাসিক ট্রফি।
‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনে ট্রফি দেখার সুযোগ
ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘আন্ডার দ্য ক্যাপ’। এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে ফ্যানদের এক লিটারের কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে।
সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ–সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা পাবেন ট্রফি দেখার টিকিট, পাশাপাশি মিলবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ।
প্রতি ৯০ মিনিটে জয়ের সুযোগ
কোকা-কোলা জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকছে। অফারটি চালু হয়েছে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে এবং ম্যাচ সংখ্যাও হবে আগের যেকোনো আসরের চেয়ে বেশি। এছাড়া এই প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, যেখানে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।




