ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যাচেষ্টা মামলার তদন্ত ডিবির হাতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে মামলাটি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় তার এক আত্মীয় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা জানায়, ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন