ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর সমালোচনার মুখে ইমরান খান

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কর্মকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইমরান খানের সেনাবাহিনী-বিরোধী বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক বিবাদে সীমাবদ্ধ নেই, বরং তা বর্তমানে জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে চৌধুরী বলেন, ইমরান ক্রমাগত নিরাপত্তা হুমকির কথা বলছেন, যা সামরিক বাহিনীকে হস্তক্ষেপে বাধ্য করছে। তিনি ইমরানকে এমন একজন বিভ্রান্ত মানুষ হিসেবে আখ্যায়িত করেন, যিনি ব্যক্তিগত অহংকারের মধ্যে আটকে রয়েছেন এবং দেশের চেয়ে নিজের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ডিজি আইএসপিআর আরও বলেন, ইমরানের বক্তব্য এখন রাজনীতির সীমানা অতিক্রম করেছে এবং এটি জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠেছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট জাতি, ভাষা, ধর্ম বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না; তারা দেশের অখণ্ডতা ও জনগণের জন্য লড়াই করে। চৌধুরী হুঁশিয়ারি দেন যে, যদি কেউ ব্যক্তিগত অহংকার ও বিভ্রান্তিকর মানসিকতার কারণে সেনাবাহিনী ও এর নেতৃত্বের ওপর আক্রমণ করে, তবে বাহিনী শক্তভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে বলেন, তারা যেন সশস্ত্র বাহিনীকে তাদের রাজনীতিতে না টানেন।

তিনি প্রশ্ন তোলেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির সাথে দেখা করার পরেও কীভাবে দেশের সেনাবাহিনী ও নেতৃত্বের বিরুদ্ধে এমন বক্তব্য তৈরি করা যায় যা আইন বা সংবিধানের অধীনে অনুমোদিত নয়। যদিও সরাসরি ইমরানের নাম উল্লেখ করা হয়নি, তিনি তার সেনাবাহিনী-বিরোধী টুইটের ভিডিও দেখান এবং অভিযোগ করেন, বাইরে থেকে পরিচালিত বেনামী ও ট্রল অ্যাকাউন্ট এই বক্তব্যকে ভাইরাল করতে সক্রিয় ভূমিকা রাখছে, সঙ্গে ভারতীয় মিডিয়া ও সংস্থাগুলিও এতে জড়িত।

সংবাদটি শেয়ার করুন