রাশিয়ান শিল্পী পিটার কার্ল ফাবারজের তৈরি চিরন্তন শিল্পকর্ম ‘উইন্টার এগ’ লন্ডনের ক্রিস্টিস নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। মঙ্গলবার ডিমটি ২২.৯ মিলিয়ন পাউন্ডে হাতবদল হয়, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৩৭০.৯ কোটি টাকা। ক্রিস্টিস জানায়, ফাবারজের কোনো শিল্পকর্মই এর আগে এত দামে বিক্রি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা এই ডিমটি কিনে নেন, যা ভেঙে দেয় ২০০৭ সালে গড়া আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, এই নিলাম ফলাফল প্রমাণ করে শিল্পকর্মটির চিরন্তন গুরুত্ব।
১৯১৩ সালে রাশিয়ার জার নিকোলাস দ্বিতীয়ের আদেশে তৈরি হয় ‘উইন্টার এগ’। তিনি এটি উপহার দেন তার মাকে, এবং বহুদিন এটি ছিল রুশ রাজপরিবারের সংগ্রহে। রক ক্রিস্টাল থেকে খোদাই করা ৮.২ সেন্টিমিটার উচ্চতার এই ডিমে রয়েছে প্রায় ৪,৫০০ হীরকখণ্ড, যার মধ্যে রোজ-কাট পাথরও আছে। প্লাটিনামের তুষারফুলের নকশা দিয়ে সাজানো ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজে তৈরি ছোট ফুলের ঝুড়ি।
ডিমটির নকশা করেন আলমা থেরেসিয়া পিহল, যিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ কর্মশালার দুই নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।
১৮৮৫ থেকে ১৯১৭ সালের মধ্যে রোমানভ পরিবারের জন্য মোট ৫০টি ঐতিহাসিক ডিম তৈরি করেন ফাবারজে। ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ সেই বিরল ৫০টির একটি। এগুলোর মধ্যে মাত্র সাতটি এখন ব্যক্তিগত মালিকানায় রয়েছে; বাকিগুলো আছে বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে, আর কিছু এখনো নিখোঁজ।
আনন্দ/নয়ন




