ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাস থামিয়ে নামাজ পড়ায় ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাবেরি জেলায় বাস থামিয়ে নামাজ পড়ায় ব্যাপক আলোচনা শুরু হওয়ায় কর্তৃপক্ষ চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ওই বাসচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিউটির সময় রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করেছিলেন। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের হাবেরি জেলার একটি সরকারি বাসের চালক ডিউটির সময় বাস থামিয়ে নামাজ আদায়ের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। মূলত নামাজ আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয় এবং কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়।

গত ২৯ এপ্রিল সন্ধ্যায় হাব্বালি-হাবেরি মহাসড়কে জাভেরি এলাকার কাছে ওই বাসচালক বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করেন। হাঙ্গাল থেকে বিশালগড়গামী কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি বাসের চালক ও কন্ডাক্টর এ কে মুল্লা বাসটি রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের সামনে বসে নামাজ আদায় করেন।

এই সময় বাসে যাত্রীরা উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মোবাইলে নামাজ আদায়ের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

কর্ণাটকের পরিবহনমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এনডব্লিউকেআরটিসি) ব্যবস্থাপনা পরিচালককে চিঠি লিখে অবিলম্বে তদন্তের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। যদিও প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে, তবে তা অফিস সময়ের মধ্যে সরকারি দায়িত্ব পালনের ব্যাঘাত ঘটিয়ে করা উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন