ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে।যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে সে বিএসএফের গুলিতে নিহত হয়।
প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্ত হত্যার এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক, এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ গাইডলাইন, ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে।
তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে, সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করতে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
আনন্দবাজার/ আরবি
