সিঙ্গাপুর থেকে প্রায় ১৬ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ দুই জ্বালানি পণ্য কেনার অনুমোদন দিয়েছে।
বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। পরে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ২০২৩ সালের জুলাই টু ডিসেম্বরে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় সিঙ্গাপুরের ৩ কোম্পানি থেকে মোট ১৫ লাখ ৮৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ১২ হাজার ২৭৬ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সাঈদ মাহবুব খান বলেন, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সিলারেট এনার্জি এলপির কাছে থেকে পেট্রোবাংলাকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (১ কার্গো) আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সেজন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫৭২ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা।
তিনি আরও জানান, এছাড়া সিঙ্গাপুরের আরেক কোম্পানি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (১ কার্গো) আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ৫৪৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার ১৬০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটিও কেনার দায়িত্ব দেয়া হয়েছে পেট্রোবাংলাকে।
