এ পর্যন্ত যা যা চেয়েছেন, আমি তার সবই পূরণ করেছি। কিন্তু, আপনারা আপনাদের কথা রাখেননি। আর কথার বরখেলাপ করবেন না, এবার কথা রাখতে হবে। গতকাল রাতে গণভবনে, ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কথা ব্যাংক মালিকদের এভাবেই মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ব্যাংকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) মুজিববর্ষ উদযাপন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদান দেয়।
ব্যাংক মালিকদের প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক ঋণে ৯ শতাংশ ও আমানতে ৬ শতাংশ সুদের হার কার্যকর করতে যে কথাগুলো ব্যাব-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছিলেন, আমি আশা করি সেটা এবার কার্যকর হবে। আর সেটা না হলে তো আমাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।
বর্তমান সরকার আমলে ব্যাংক সেক্টরকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি কিন্তু ব্যাংক খাতে বেসরকারি খাতটা সর্বক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছিলাম। আর বলেছিলাম বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। নতুন বেসরকারি ব্যাংক দিতে গিয়েও কিন্তু অনেক বাধা এসেছে। পদ্মা সেতুর অর্থায়ন যারা বন্ধ করেছিল, তাদেরই আপত্তি ছিল যে এত ব্যাংক দিয়ে হবে কি? দেশের অর্থনীতি তো এত বড় না। তক্ষণ আমি বলেছিলাম আজ বড় না, কিন্তু একদিন বড় হবে। তিনি বলেন, অনেককে তো আমি ডেকে ডেকে প্রাইভেট ব্যাংক করার কথা বলেছি। কারন এতে ব্যবসা-বাণিজ্যের পথ সুগম হবে।
এসময় দেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশের মানুষেদের এখন বিনিয়োগের সক্ষমতা আছে। আমরা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, আপনারা সেখানে বিনিয়োগ করবেন। আমরা নিজেরা বিনিয়োগের করবো। বিদেশ থেকেও বিনিয়োগ আসবে। আমরা দেশটাকে নতুন ভাবে গড়তে চাই। আর কখনও যেন বাংলাদেশকে পেছনে ফিরতে না হয়। বাংলাদেশের যে অগ্রযাত্রা এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এটাই আপনাদের কাছে চাই। অনুষ্ঠানে ব্যাংকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর অনেক নেতা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক




