ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাকার অভাবে যেন সুবিচার বঞ্চিত না হয়- প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের দায়িত্ব মামলা দ্রুত নিষ্পত্তি করে জনগণের আস্থা ফিরিয়ে আনা। একই সঙ্গে বলেন, মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়। গতকাল রবিবার রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।

মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি আরও বলেছেন, একটা মামলা যদি ২০ থেকে ২৫ বছর চলতে থাকে তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন। এ দেশে সুবিচার পাওয়া যায়, সেটা তারা ভুলে যাবেন, ভাববেন সুবিচার দিনকে দিন উঠে যাচ্ছে। ফলে বিচার পাওয়ার আস্থা দিন দিন কমে আসবে। তাই আমাদের দায়িত্ব মামলা দ্রুত নিষ্পত্তি করে জনগনের আস্থা ফিরিয়ে আনা।

জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়- এমন উক্তি করে প্রধান বিচারপতি বলেন, তাই জনগণের সুবিচার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকাল ৯টা বাজার পাঁচ মিনিট আগে অফিসে আসতে হবে। এক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা ১৯৭১ সালের উপকারভোগী। দেশ স্বাধীন না হলে আমরা প্রধান বিচারপতি, বিচারপতি, ডিসি, এসপি, আইনজীবী হতে পারতাম না। তাই জনগণের বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বারের সভাপতি এটিএম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা বারের সাধারণ সম্পাদক বিজন কুমার বোস।

সংবাদটি শেয়ার করুন