ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কান উৎসবে মুক্তি পাবে ‘মুজিব’ সিনেমার টিজার

কান উৎসবে মুক্তি পাবে ‘মুজিব’ সিনেমার টিজার

বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার টিজার প্রকাশ পাবে আগামী মে মাসে। পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে বহুল আলোচিত এই সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে।

মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যে কোনও উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।

তিনি আরও জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয় ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার। পোস্টারে তুলে ধরা হয়েছে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি। তবে সেখানে দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা ছিল, একটি জাতির রূপকার।

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা অভিনয় করছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

এর আগে ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে দয়াল নিহালানি সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন